নবীনগরে ধর্ষণের শিকার ছাত্রীর মৃত্যু! গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবেকুন্নাহার নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে ওই ছাত্রীর চাচা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। দয়াল পাল (২৫) নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জিনোদপুর উচ্চবিদ্যালয় (সাবেকুন্নাহার এই বিদ্যালয়ে পড়ত) প্রাঙ্গণে এক সভা হয়। সভায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ঘরে গত বুধবার রাতে সিঁধ কেটে প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ী দয়াল পাল ও তাঁর ভগ্নিপতি লিটন পাল এবং অজ্ঞাতনামা তিন-চারজন ঢোকেন। তাঁরা শফিকুলের মেয়ে জিনোদপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাবিকুন্নাহারকে (১২) মুখ চেপে ধরে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বাড়ির পেছনে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ দেলোয়ার হোসেনের কাছে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। দেলোয়ার হোসেন মেয়েটিকে কুমিল্লায় পাঠান। মেয়েটির অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত রোববার মেয়েটি মারা যায়।দয়াল পালের স্ত্রী উমা পাল স্বামীকে নির্দোষ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘যে দিন রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে, ওই দিন বিকেলে আমার স্বামী তাঁর এক প্রবাসী বন্ধুকে অভ্যর্থনা জানাতে ঢাকার বিমানবন্দরে যান। পরদিন তিনি (স্বামী) বন্ধুকে নিয়ে গ্রামে ফেরেন।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল নয়, বিকেলে সাবিকুন্নাহারকে আমার কাছে আনা হয়। তবে আমার কাছে ধর্ষণের কথা জানানো হয়নি। বলা হয়েছিল, মেয়েটির তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি তখন আলট্রাসনোগ্রাম করে মেয়েটির পেটে রক্তক্ষরণের কিছুটা আলামত দেখতে পাই এবং তাকে কুমিল্লায় পাঠিয়ে দিই।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দয়াল পালকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বি এম নুরুজ্জামান বিপিএম প্রথম আলোকে বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে।