নবীনগরে নির্যাতিত গৃহবধূকে ৫০ হাজার টাকা দিল জনতা ব্যাংক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে নির্যাতনের শিকার সংখ্যালঘু দরিদ্র পরিবারের সেই গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে জনতা ব্যাংক।গতকাল বৃহস্পতিবার জনতা ব্যাংকের পক্ষে ওই গৃহবধূর স্বামীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম।গৃহবধূর স্বামী জানান, গত ২৪ আগস্ট রাতে একদল দুর্বৃত্ত তাঁর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই গত ৭ সেপ্টেম্বর তাঁকে গ্রামে ফিরিয়ে আনা হয়। পরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হলে স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তাঁর স্ত্রীর চিকিৎসার্থে এগিয়ে আসে। তারই অংশ হিসেবে জনতা ব্যাংকের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হলো। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার তাঁর স্ত্রীকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক অস্ত্রোপচার করতে হবে।