নবীনগরে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুবাই ফেরত এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্ত্রীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও নিহতের বাবা আবদুল জলিল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালীপুর গ্রামের দুবাই-প্রবাসী ছিদ্দিক মিয়ার (৪০) সঙ্গে তাঁর মেয়ে আমেনা বেগমের (৩২) প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। সম্প্রতি আমেনার স্বামী দুবাই থেকে দেশে চলে আসেন। দেশে এসেই তিনি পার্শ্ববর্তী ডোলাবাড়ী গ্রামের এক মেয়ের সঙ্গে পরকীয়া শুরু করেন। এই পরকীয়ার প্রতিবাদ করার কারণে প্রায়ই আমেনাকে মারধর করতেন ছিদ্দিক।ঘটনার দিন শুক্রবার রাতে পরকীয়ার ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও প্রচণ্ড ঝগড়া হয়। এ সময় ছিদ্দিক মিয়া আমেনাকে প্রচণ্ড মারধর করলে একপর্যায়ে আমেনা অজ্ঞান হয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর মুখে বিষ ঢেলে গতকাল শনিবার ভোরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে লাশ ফেলেই শ্বশুরবাড়ির লোকজন দ্রুত পালিয়ে যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূ মারা যায়। আমরা গৃহবধূর মুখে বিষের গন্ধ পেয়েছি। তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও দেখতে পেয়েছি।’আমেনার বাবা আবদুল জলিল বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’নবীনগর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’