নবীনগরে পুলিশ হেফাজত থেকে স্কুলছাত্রী অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অপহূত এক স্কুলছাত্রীকে উদ্ধারের পর পুলিশের কাছ থেকে ফের ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিন কর্মকর্তাসহ পুলিশের ১০ জন সদস্য আহত হয়েছেন।গত বুধবার রাতে নবীনগরের বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার এ ঘটনায় দুই শতাধিক গ্রামবাসীকে আসামি করে নবীনগর থানায় মামলা হলে ওইদিনই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী এক ব্যক্তির মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে ভদ্রগাছা গ্রামের এনামুল হক (২২) ও তাঁর সহযোগীরা অপহরণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত বুধবার নবীনগর থানায় মামলা করেন। সেদিন রাতেই এনামুল হকের বাড়িতে অভিযান চালায় নবীনগর থানার পুলিশ। পুলিশ সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে নবীনগর থানার উদ্দেশে রওনা হয়। পথে আসামি এনামুল হক শতাধিক লোক নিয়ে সশস্ত্র অবস্থায় পুলিশের ওপর হামলা চালান। হামলায় উপপরিদর্শক (এসআই) কামাল আব্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম, এএসআই বেলাল আহমেদ, কনস্টেবল শাহানা আক্তার, সাবিনা আক্তারসহ পুলিশের কমপক্ষে ১০ জন সদস্য আহত হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ তিনটি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পুলিশের কাছ থেকে ওই ছাত্রীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অপহূত ওই ছাত্রীকে পুনরায় উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কাউসার মিয়া, বাছির মিয়া ও শাহজাহান মিয়া নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।