ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার রাতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার মৃতের স্ত্রী কুলসুম বেগম ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূরুন্নবী ও গ্রামপুলিশ কুদ্দুস মিয়াকে আসামি করা হয়েছে। বিচারক মো. হারুন-অর-রশীদ মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে কুলসুম বেগম বলেন, শনিবার দিবাগত রাতে আসামিরা তাঁর বাড়ি এসে তাঁর রিকশাচালক স্বামী নুরুল হককে ধরে শিবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তাঁরা নির্যাতন করে তাঁর স্বামীকে মেরে ফেলেন। এদিকে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনিকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার থেকে কাজ শুরু করেছে। ওসমান গনি প্রথম আলোকে জানিয়েছেন, তিন দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।