নবীনগরে পৃথক ঘটনায় তিন নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত শুক্রবার পৃথক ঘটনায় তিনজন নারী নিহত হয়েছেন। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার জাফরপুর গ্রামে মধ্যপ্রাচ্যপ্রবাসী মিঠু চৌধুরীর স্ত্রী ও এক কন্যাসন্তানের জননী হেলেনা বেগমকে (২৫) শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে হত্যা করে। এরপর লাশের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহত হেলেনার বাবা উপজেলার কনিকাড়া গ্রামের শিশু মিয়া বাদী হয়ে গতকাল থানায় মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমকে গ্রেপ্তার করেছে। লাশ উদ্ধারকারী ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে গলাটিপে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে।শ্যালো মেশিনের একটি পাইপ চুরির ঘটনা নিয়ে বিরোধে উপজেলার কাজলিয়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৪৫) গত বুধবার প্রতিবেশী জমিলা বেগমের পরিবারের লোকজনের হামলায় গুরুতর আহত হন। শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় ফজলুর রহমান মামলা করেছেন। পূর্ববিরোধের জের ধরে পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দাদের হামলার আশঙ্কায় শুক্রবার বিকেলে নবীনগরের নাসিরাবাদ গ্রামের লোকজন বাড়িঘর ছেড়ে পালানোর চেষ্টা করে। পথে বৃদ্ধা আশুবালার (৬৫) মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ইতিমধ্যে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।