নবীনগরে পোস্টারে দলীয় পরিচয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের দুই প্রার্থীর (রাজনৈতিক দল-সমর্থিত প্রার্থী) পোস্টারেই দলীয় পরিচয়ের ব্যবহার দেখা গেছে। আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক কোনো ধরনের পরিচয় (পদবি) ব্যবহার করা নিষেধ থাকা সত্ত্বেও তাঁরা এ কাজ করেছেন।
পোস্টারগুলোর নিচে ‘প্রচারে নবীনগরের সর্বস্তরের জনগণ’ লেখা থাকলেও প্রার্থীদের গুণগান ও বিভিন্ন অঙ্গীকারের পাশাপাশি থাকছে রাজনৈতিক পদ-পদবি ও দলের জন্য সংগ্রামের কথা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন সরকারের (তালা) পোস্টারে তাঁর একাধিক দলীয় পরিচয়ের উল্লেখ রয়েছে। এতে লেখা, তিনি উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি। এ ছাড়া তিনি নবীনগর উপজেলা ছাত্রলীগ ও নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (ভিপি) এবং নবীনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক উল্লেখ করা হয়েছে।
মোশারফ হোসেন সরকার বলেন, ‘পোস্টারগুলো তো আর আমি লাগাইনি। এলাকার জনগণ ভালোবেসে এগুলো লাগিয়েছে। তবে পোস্টারে যে দলীয় পরিচয় ব্যবহার করা নিষেধ, তা জানতাম না।’
পোস্টারে বিএনপির ‘বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী’ মলাই মিয়াও (মোটরসাইকেল) দলীয় পরিচয় ব্যবহার করেছেন। এসব পোস্টারে তিনি উপজেলা বিএনপির তিনবারের ‘সংগ্রামী সাধারণ সম্পাদক’ বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় জেলা বিএনপি এরই মধ্যে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করেছে।
এ বিষয়ে কথা বলতে মলাই মিয়ার মুঠোফোনে বারবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী যদি প্রচার-প্রচারণা বা পোস্টারে দলীয় পরিচয় ব্যবহার করে থাকেন, সেগুলো খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।