নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা ২৩ জনকে পিটুনি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত বুধবার একদল সশস্ত্র যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে। বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে হামলাকারী ২৩ জনকে পাকড়াও করে। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আটক যুবকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। হামলার শিকার বাড়ির কর্তা ও মামলার বাদী ধন মিয়ার ভাষ্যমতে, নবীনগর শহরের পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার মেয়ে শান্তা আক্তারের সঙ্গে তাঁর মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলে রফিক মিয়ার চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে। সম্প্রতি রফিক দেশে ফিরলে তাঁর সঙ্গে আবার ঝগড়া হয় শান্তার। এরপর তিনি বাবার বাড়ি চলে যান। এ ঘটনার পর শান্তার ভাই মোর্শেদ মিয়ার নেতৃত্বে নবীনগর থেকে দুই নৌকায় করে ৩৫ জনের একদল সশস্ত্র যুবক বুধবার বেলা দুইটার দিকে তাঁদের বাড়িতে এসে হঠাৎ হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় গ্রামের লোকজন ২৩ জন যুবককে বেশ কয়েকটি ধারালো অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ রাতে ওই যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, মামলা হওয়ার পর ওই যুবকদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।