নবীনগরে প্রসূতির মৃত্যুর পর লাখ টাকায় রফা?
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকের ভুল চিকিৎসায় গত শনিবার এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রোগীর স্বজনেরা হাসপাতালে জড়ো হলে চিকিৎসক ও কর্মকর্তারা পালিয়ে যান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের এক লাখ টাকা দিয়ে রফাদফা করে।
রোগীর ভাবি তানিয়া আক্তারসহ দুজন স্বজন জানান, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার (২৫) প্রসবব্যথা নিয়ে শনিবার দুপুরে উপজেলা সদরের মা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজিত সরকার অস্ত্রোপচার (সিজার) করাতে হবে বলে রোগীকে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক দিয়ে অস্ত্রোপচারকক্ষে (ওটি) নিয়ে যান। কিন্তু ওটিতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রোজিনাকে কুমিল্লায় নিতে বলেন। পথে তাঁর মৃত্যু হয়।
সন্ধ্যায় রোজিনার লাশ নিয়ে তাঁর অর্ধশত আত্মীয়স্বজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা পালিয়ে যান। রাতে হাসপাতালের পরিচালক স্বপন এসে রোজিনার স্বজনদের এক লাখ টাকা দিয়ে ঘটনার রফাদফা করেন। মৃত্যুর ব্যাপারে চিকিৎসক সুজিত সরকার দাবি করেন, ‘আমি কোনো ভুল চিকিৎসা করিনি।