নবীনগরে প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে একটি প্রাচীন পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের পশ্চিম পাড়ায় শত বছরের প্রাচীন ওই পুকুরটি ‘সাধন দেবের পুকুর’ হিসেবে পরিচিত। কয়েক দিন ধরে বালু ফেলে পুকুরটি ভরাট করা হচ্ছে। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই পুকুর ভরাট বন্ধের আবেদন করেন।
আবেদনে স্বাক্ষর করা আবদুল মালেক ও মুজিবর রহমান প্রথম আলোকে জানান, প্রাচীন এই পুকুরটি ভরাট হয়ে গেলে পশ্চিম পাড়ার শত শত মানুষ পানির সংকটে পড়বে।
অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক জানান, পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন উপেক্ষা করে সদরের বেশ কয়েকটি পুকুর একের পর এক ভরাট হচ্ছে। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় পুকুরের মালিকেরা একের পর এক পুকুর ভরাট করে যাচ্ছেন।
পুকুরের দেখভালের দায়িত্বে থাকা কান্তি ভট্টাচার্য বলেন, ‘সম্প্রতি সদরে একাধিক পুকুর ভরাট হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কথা বলেনি। আমরা হিন্দু হওয়ায় স্বার্থান্বেষী অনেকেরই অসুবিধা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট প্রশাসন থেকে আমরা অনুমতি না নিলেও ভরাট করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের লিখিত অনুমতি নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ব্যক্তিগত মালিকানায় হলেও প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর ভরাট হলে পরিবেশ আইনে মামলা হবে। ইউএনওকে বিষয়টির খোঁজ নিতে বলব।’