নবীনগরে বখাটে দুই যুবকের অভিভাবককে আটক করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইভ-টিজিং ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বখাটেদের না পেয়ে তাঁদের দুই অভিভাবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বীরগাঁও গ্রামের বখাটে যুবক মোজাম্মেলের বাবা মন মিয়া (৫০) ও আরেক বখাটে সাদ্দামের মা শরিফা বেগম (৪০)। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য বখাটে দুই যুবকের অভিভাবককে আটক করা হয়েছে। দুই বখাটেকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বীরগাঁও মধ্যপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (২২) ও বিল্লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩) কয়েক মাস ধরে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২১ জুন রাতে দুই বখাটে ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রী ও তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীনগর থানায় মামলা করেন।