নবীনগরে বাক্স থেকে শিডিউল গায়েব
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় টেন্ডারবাক্স থেকে তিনটি শিডিউল উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কয়েকজন ঠিকাদার রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার বিকেলে দরপত্র স্থগিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২৯টি বাজার ও দুটি খেয়াঘাট ইজারা দেওয়ার জন্য ইউএনওর কার্যালয় থেকে সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল গত রোববার। এতে মাত্র আটটি বাজার ইজারার জন্য ২১ ঠিকাদারের শিডিউল জমা পড়ে।অভিযোগ পাওয়া গেছে, বাঙ্গরা বাজারের গরুরহাট, বাঙ্গরা তোহা (কাঁচাবাজার) বাজার ও বাঙ্গরা নৌকাঘাটের জন্য শিডিউল জমাদানকারী বিএনপির সমর্থক তিনজনের শিডিউলের বাক্স থেকে গায়েব হয়ে যায়।গায়েব হয়ে যাওয়া শিডিউল জমাদানকারী বিএনপির সমর্থক ঠিকাদার ইউনুছ মিয়া ও দারু মিয়া বলেন, বাঙ্গরা গরুর বাজারটি ইজারা নেওয়ার জন্য শিডিউল পেপারে মাত্র আড়াই লাখ টাকার কম উল্লেখ করে আওয়ামী লীগের লোকজনের শিডিউল থাকলেও তাঁদের সাড়ে পাঁচ লাখ টাকার শিডিউল উধাও হয়ে গেছে।ইউএনও মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি নিজে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’