নবীনগরে বাড়ি দখল করতে হামলা-লুটপাটের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এক নাট্যকর্মীর বাড়ি দখল করতে প্রতিপক্ষের লোকজন গত শুক্রবার ওই বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছে। স্থানীয় মুক্ত নাট্য সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার আলম ভুঁইয়ার বাড়িতে শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে, বাড়ির উঠানে ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘরের কয়েকটি কক্ষের মালামাল তছনছ করা হয়েছে। ওই নাট্যকর্মীর মা হামলায় আহত শাহেদা বেগম (৫৫) বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে আমার দেবর গুলজার হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র লোক আচমকা আমাদের বাড়িতে ঢুকে মালামাল ঘরের বাইরে বের করতে থাকে। এ সময় আমি ও আমার ছেলে মাহাবুব আলম ভুঁইয়া তাদের বাধা দিতে গেলে, তারা আমাদের মারধর করে। তাদের রডের আঘাতে মাহাবুবের মাথা ফেটে যায়। পরে হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে ১৫ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’কাউছার আলম ভুঁইয়া বলেন, ‘বাড়ির মালিকানা নিয়ে চাচাদের সঙ্গে আমার বাবার আদালতে মামলা আছে। এর জের ধরেই এ হামলা ও লুটপাট করেছে।’মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ বলেন, পুলিশ মামলার প্রধান আসামি গুলজার হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।তবে অভিযুক্ত গুলজার হোসেন ভুঁইয়া থানার হাজতে এ প্রতিনিধিকে বলেন, ‘কাগজ-কলমে ওই বাড়ির মালিক আমি। তাই বাড়িটি দখলে নিতে গিয়েছিলাম। কিন্তু কাউকে মারধর বা লুটপাটের অভিযোগ সত্য নয়।’