নবীনগরে বিদ্যালয়ের ১৫টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর কেজি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে লাগানো কয়েক লাখ টাকা মূল্যের প্রায় অর্ধশত বছরের প্রাচীন ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে গাছগুলো কাটা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করলেও এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা—কেউই গাছ কাটার বিষয়ে অবগত নন বলে প্রথম আলোকে জানিয়েছেন।সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রায় শত বছরের পুরোনো বিদ্যালয়টির প্রবেশমুখেই একটি বিশাল আকৃতির প্রাচীন বনজ গাছ কেটে বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়েছে। কয়েক পা এগোতেই বিদ্যালয়ের সামনে থাকা মাঠের পশ্চিম-উত্তর দিকে বিশাল আকৃতির মোটা মোটা আরও কয়েকটি প্রাচীন বনজ গাছ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পাশেই পুকুরের পাড়েও একাধিক বিশাল আকৃতির মোটা মোটা গাছ কেটে ফেলে রাখতে দেখা যায়। পাশাপাশি পুকুরের পাড়ে থাকা আরও একাধিক গাছে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে রাখতেও দেখা গেছে।এলাকাবাসী জানান, স্কুল কর্তৃপক্ষ গাছগুলো বিক্রি করে দেওয়ায় গাছের ক্রেতা ঈদের মাত্র কয়েক দিন আগে তাঁর লোকজন নিয়ে এসে গাছগুলো কেটে ফেলে রেখে যান। আর লাল চিহ্ন দেওয়া গাছগুলো কয়েক দিনের মধ্যেই কাটা হবে বলে ক্রেতা জানিয়ে গেছেন।এ সময় বিদ্যালয়ের সামনে থাকা এলাকার বাবুল মিয়া, জিকরুল মিয়াসহ একাধিক লোক ক্ষোভের সঙ্গে বলেন, ‘গাছগুলো কেন কাটা হয়েছে, ভাই, আমরা এর কিছুই জানি না। প্রাচীন এই গাছগুলো কাটা মোটেই ঠিক হয়নি। তবে স্কুল কর্তৃপক্ষ গাছগুলো বিক্রির আগে এলাকায় বেশ মাইকিং করেছে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েই বিদ্যালয়ের ২১টি গাছ দুই লাখ ৭৬ হাজার টাকায় নিলামে বিক্রি করেছে। ইতিমধ্যে ক্রেতা ১৫টি গাছ কেটেছেন, বাকিগুলো কয়েক দিনের মধ্যেই কেটে নিয়ে যাবেন।’বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহাম্মদ সৌদি আরব থেকে (হজ করতে গেছেন) মুঠোফোনে বলেন, ‘গাছগুলো অনেক পুরোনো হয়ে গেছে। স্কুলের স্বার্থে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে নিয়মনীতি মেনে এবং এলাকায় ব্যাপক মাইকিং করে গাছগুলো বিক্রি করেছে।’