নবীনগরে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিশারা গ্রামে গত বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন কাজল মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিটিবিশারা গ্রামের মহিউদ্দিন মিয়া ও কাজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। গত ২৫ অক্টোবর মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিনের লোকজন কাজল মিয়ার চাচাতো ভাই মন্টু মিয়াকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থানায় মামলা হলে মহিউদ্দিনের লোকজন আগাম জামিনে এসে কাজলের লোকজনকে হুমকি দিতে থাকে। এ বিরোধের জেরে মঙ্গলবার মহিউদ্দিনের লোকজন পরানকে মারধর করে। এ ঘটনার প্রতিশোধ নিতে কাজল মিয়ার লোকজন বুধবার বিকেলে মহিউদ্দিনের ভাই জালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার জেরে মহিউদ্দিন মিয়ার লোকজন বুধবার সন্ধ্যায় কাজল মিয়ার বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা ওই বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাড়ির পাঁচটি বসতঘরসহ সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।কাজল মিয়া অভিযোগ করেন, ‘মহিউদ্দিন মিয়ার লোকজন এই সশস্ত্র হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের পরিবারের কমপক্ষে সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’মহিউদ্দিন মিয়া মুঠোফোনে কাজল মিয়ার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ অস্বীকার করেছেন।সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় সাতটি ঘর পুড়ে গেছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, এ ঘটনায় কাজল মিয়া বৃহস্পতিবার প্রতিপক্ষের মহিউদ্দিন মিয়াসহ ৩৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অলিউল্লাহ (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি টেলিফোনে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।