নবীনগরে ভোটার ও এজেন্টশূন্য নির্বাচন!
‘ভোটের প্রচারণা দেখে ভাবছিলাম, এই নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট গ্রহণ করা হবে। কিন্তু ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পরও ভোট গ্রহণ করার যেই লক্ষণ দেখতাছি, তাতে দিন শেষে ভোটের হার ৪০ শতাংশও হয় কি না, সন্দেহ আছে।’
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে কথাগুলো বলেন স্কুলশিক্ষক রাশেদুল ইসলাম (৫০)। সে সময়ে ওই কেন্দ্রের প্রায় সাড়ে চার হাজার ভোটের মধ্যে মাত্র ৩৪০ ভোট গ্রহণ করতে দেখা যায়।
সরেজমিনে উপজেলা সদরের নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চবিদ্যালয়, পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীপুর উচ্চবিদ্যালয়, চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার ২০টি কেন্দ্র ঘুরে প্রায় সব কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম দেখা যায়।
উপজেলায় প্রায় দুই লাখ ৯৭ হাজার ভোটার। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ১৩৭টি কেন্দ্রের প্রায় সবগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে বেশির ভাগ কেন্দ্রেই দু-একজন প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।
লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চারটি বুথে বেলা সোয়া ১১টার দিকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মলাই মিয়া (মোটরসাইকেল প্রতীক) ও জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী এ কে এম আশরাফুল আলমের (মাইক প্রতীক) এজেন্ট ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
আরও সাত আটটি কেন্দ্রে গিয়ে দু-তিনজন করে এজেন্ট পাওয়া গেছে। এর মধ্যে নবীপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ পাঁচজন এজেন্টকে পাওয়া যায়। অথচ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলার চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের বেধড়ক পিটুনিতে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ একপর্যায়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘প্রচুরসংখ্যক বহিরাগত হঠাৎ কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ নিরুপায় হয়ে লাঠিপেটা ও গুলি ছুড়তে বাধ্য হয়।’
পাশের চিত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ওসির বিরুদ্ধে ভোটারদের বিনা কারণে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ভোটাররা জানান, এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী থাকায় ভোটাররা বিভক্ত হয়ে পড়েন। এ ছাড়া এলাকাকেন্দ্রিক ইজম সামনে রেখে ভোটাররা ছিলেন অনেকটা কেন্দ্রবিমুখ। মূলত রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-কর্মী ও এলাকার সরদার-মাতবরদের মধ্যেই নির্বাচনী আমেজ লক্ষ করা গেছে। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি সব কেন্দ্রেই বেশি লক্ষ করা গেছে।
সাতগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসা মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘ভোট দিতে মানুষের মইধ্যে কুনু আগ্রহ দেখছি না। বুঝতেছি না এইবারের ভোটটা এমুন হইল ক্যান।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইয়ুব খান জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই হাজার ৪৩৮ ভোটের মধ্যে ওই কেন্দ্রে ৪৩৮ ভোট পড়েছে।
তবে দুপুরে আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্থানীয় মুক্তিযোদ্ধা মমিনুল হক বলেন, ‘অন্য কেন্দ্রের কথা জানি না। আমাদের কেন্দ্রে সব দলের প্রার্থীর সমর্থক থাকায় এখানে ভোটাররাও আসছেন বেশ স্বতঃস্ফূর্তভাবে।’