নবীনগরে মারামারির ঘটনায় মামলা হলেও পুলিশ নীরব!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর প্রায় ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একাধিক মামলা হয়। এরপর দুই সপ্তাহ চলে গেলেও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ২০টি পরিবার দুই সপ্তাহ ধরে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিত্রি গ্রামের উত্তরপাড়া ঘুরে দেখা যায়, বাচ্চু মিয়া, খুরশীদ মিয়া, অলিউল্লাহ (সাবেক ইউপি সদস্য), খায়েস মিয়া, ফুল মিয়া, তাহের মিয়া, সুমন মিয়া, হাবিব মিয়া, হাসান মিয়া, সিরাজুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), সাক্কের মিয়াসহ হামলা ও লুটপাটের শিকার বিভিন্ন বাড়ির প্রতিটি ঘরের দরজা-জানালা ও টিনের চাল ক্ষতিগ্রস্ত। এসব বাড়িঘরে প্রায় সব মালামালই উধাও। প্রায় দুই ঘণ্টা অবস্থান করেও এসব বাড়ির কোনো লোককে খুঁজে পাওয়া যায়নি।ওই পাড়ার বাসিন্দা আসমা আক্তার ও রেহানা বেগম বলেন, ২০-২২ দিন আগে গ্রামের আমীরবাড়ি ও জোড়ালিবাড়ির দুই শিশুর মধ্যে মারামারিকে কেন্দ্র করে ওই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় মারামারি হয়। ওই সময় আমীরবাড়ির সশস্ত্র সমর্থকেরা জোড়ালিবাড়ির সমর্থকদের বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর পুনরায় হামলার আশঙ্কায় জোড়ালিবাড়ির লোকজন দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। জোড়ালি গোষ্ঠীর নেতা সাক্কের মিয়া মুঠোফোনে অভিযোগ করেন, ‘আমীরবাড়ির মূল নেতা বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে তাঁর পক্ষে কাজ না করায় চেয়ারম্যানের মদদেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা আমাদের (জোড়ালিবাড়ির) সমর্থকদের প্রায় ২০টি বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে কোটি টাকার ক্ষতি করে। এই পরিবারগুলো পালিয়ে বেড়াচ্ছে। অথচ এ ঘটনার পর থানায় আমরা চারটি মামলা করলেও পুলিশ এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বরং আসামিরা চেয়ারম্যানের মদদে থানার সামনে ঘুরে বেড়াচ্ছে।’ তবে নবীনগর পশ্চিম ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া ওরফে গোলাপ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারামারির সময় সাক্কের মিয়ার লোকজন নিজেদের বাড়িঘর ভাঙচুর করে সব মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই পুলিশ এর প্রমাণ পাবে।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘চিত্রি গ্রামে মারামারির ঘটনায় উভয় পক্ষ ছয়টি মামলা করেছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কিংবা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এ অভিযোগ সত্য নয়। আমি দুই দিন আগেও এলাকা ঘুরে এসেছি। পুলিশ মামলাগুলো তদন্ত করছে।’