ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহীন মিয়াকে বেত্রাঘাতে আহত করার ঘটনায় ওই বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক হারুন-অর-রশীদকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গত শনিবার এই ব্যবস্থা নেওয়া হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া, ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।ইউএনও মো. সামছুল ইসলাম বলেন, কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, শিক্ষক হারুন-অর-রশীদ গত মঙ্গলবার তুচ্ছ ঘটনায় শাহীনকে (১২) বেত্রাঘাত করেন। এ নিয়ে বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নবীনগরে শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্র আহত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।