নবীনগরে শিক্ষকের ওপর হামলা, ১৫ ডিসেম্বর শিক্ষক সমাবেশের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে একজন স্কুলশিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৫ ডিসেম্বর নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ডেকেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।জানা গেছে, গত শুক্রবার রাতে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. কবিরুজ্জামান (৪৮) নবীনগর বাজার থেকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। কবিরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় শিক্ষকেরা শনিবার দুপুরে শহরে মৌন মিছিল করেন। পরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে এক সভা থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে ১৫ ডিসেম্বর শিক্ষক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।এ ব্যাপারে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু মুছা বলেন, ‘উপজেলা সদরে একজন শিক্ষকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এ ঘটনার প্রতিবাদে শিক্ষকদের করণীয় নির্ধারণ করতেই আগামী ১৫ ডিসেম্বর শিক্ষক সমাবেশের ডাক দিয়েছি।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা হলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।’