নবীনগরে শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার শিক্ষকের বেত্রাঘাতে শাহীন মিয়া নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। সে দুই দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শাহীনের (১২) সঙ্গে মঙ্গলবার বেলা একটার দিকে তার এক সহপাঠীর ঝগড়া হয়। এ ঘটনায় শাহীনের ওই সহপাঠী বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হারুন-অর-রশীদের কাছে নালিশ করে। পরে ওই শিক্ষক তাকে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। এতে শাহীনের শরীরের বিভন্ন অংশে রক্তাক্ত জখম হয়। বেত্রাঘাতের শিকার শাহীনের বাড়ি উপজেলার কাদৈর গ্রামে। শাহীনের বাবা দিনমজুর জালাল মিয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেডারে হারুন স্যার বেত দিয়া পিডাইয়া আধমরা কইরা ফালাইছে। শিক্ষক হারুন-অর-রশীদ মুঠোফোনে বলেন, ‘এ ঘটনায় আমি মর্মাহত ও লজ্জিত। রাগের মাথায় শাহীনকে বেত্রাঘাত করা আমার ঠিক হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’