নবীনগরে শোকের মাতম
মালয়েশিয়ায় আগুনে দম বন্ধ হয়ে মৃত পাঁচ বাংলাদেশির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে। এর মধ্যে চারজনের বাড়িই বড়িকান্দিতে। পাঁচ প্রবাসীর আকসিঞ্চক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদের মধ্যে দুই সহোদর বশির মিয়া (৩২) ও ফারুক মিয়ার (২৮) বাড়ি বড়িকান্দি গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে গেলে বাবা গাজীউর রহমান বিলাপ করতে করতে বলেন, ‘গতকাইল (সোমবার) রাইত নয়টার দিকে শেষবারের মতো দুই পোলা ফোন কইরা কইছিল, আব্বা সামনের বড় ঈদে আমরা দেশে আইতাছি। আপনেরা কুনু চিন্তা কইরেন না। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই রাইতে খবর পাইলাম, মালয়েশিয়াতে আমার দুই পোলাই নাকি আগুনে পুইরা মারা গেছে। ছয় সন্তানের বাবা গাজীউর রহমান জানান, ধারদেনা করে বছর পাঁচেক আগে বড় ছেলে বশির এবং ছয় মাস আগে মেঝো ছেলে ফারুককে তিনি মালয়েশিয়ায় পাঠান। পুরো ঋণ এখনো শোধ হয়নি। সামনের ঈদে ছেলেরা বাড়িতে এলে, তিনি বড় ছেলের বিয়ে দেবেন বলে মেয়েও পছন্দ করে রেখেছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেল। সরেজমিনে নবীনগর সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত একজনের বাড়ি সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে। তাঁর নাম গোলাম সারোয়ার ওরফে বাবু (২৭)। বাবার নাম গোলাম হোসেন কিবরিয়া। গোলাম সারোয়ারের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গোলাম হোসেন কিবরিয়া অটোরিকশা চালান। তিনি বলেন, ‘একমাত্র শেষ সম্বল নিজের বসতবাড়িটি আড়াই লাখ টাকায় বিক্রি করে চার বছর আগে ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলাম। এখন বাড়ি গেল, ছেলেও গেল।’মৃত অপর দুজনের বাড়ি বড়িকান্দি ইউনিয়নে। তাঁদের একজনের বাড়ি ওই ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে। তাঁর নাম আবদুল্লাহ আল-ফরহাদ ওরফে সজীব (২৮)। বাবার নাম জয়নাল আবেদীন। সজীবেরও তিন বছর বয়সী একটি মেয়ে আছে। অপরজন হাফেজ মিয়া ওরফে রুমান (২৪)। তাঁর বাবার নাম চুন্নু মিয়া। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ৩৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি লাশ দ্রুত আনাসহ সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।’