নবীনগরে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হওয়া আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম হাসান মিয়া (৪৫)। হাসান মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেলেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে প্রধান আসামি করে ১৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও সাবেক চেয়ারম্যান শিশু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে নিহত ব্যক্তিদের তিনজনই শিশু মিয়ার সমর্থক। এলাকাবাসী ও পুলিশ জানায়, তিন সপ্তাহ আগে নবীনগর থানায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ওই দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এক সালিসি বৈঠক হয়। এ সময় উভয় পক্ষকে সাত লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু এক মাস না যেতেই বুধবার দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ওই গ্রামে দুই প্লাটুন পুলিশ দিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।