নবীনগরে সংঘর্ষে নিহত ১, আতঙ্কে আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে গতকাল বুধবার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের খবরে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান চিত্রি গ্রামের সাইফুল ইসলাম ওরফে শিশু মিয়া ও বর্তমান চেয়ারম্যান পার্শ্ববর্তী চর লাপাং গ্রামের গোলাম কিবরিয়া ওরফে গোলাপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বিকেলে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশু মিয়ার পক্ষের সাবেক ইউপি সদস্য গুতু মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হন ১০ জন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া ও দুজনকে কুমিল্লায় হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে শিশু মিয়ার আরেক সমর্থক মনু মিয়া (৭০) হূদেরাগে আক্রান্ত হন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার ফুয়াদ রূহানী গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিউর রহমান নামের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।