নবীনগরে সাংবাদিক লাঞ্ছিত
টেস্ট রিলিফের (টিআর) গম বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক শিক্ষিকা ও তাঁর স্বামী একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে নবীনগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। এ ছাড়া স্থানীয় সাংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন হামলার নিন্দা করেছে। লাঞ্ছনার শিকার বাংলাদেশ সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফা বলেন, সন্ধ্যায় মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকি বেগম ও তাঁর স্বামী নূরুল ইসলাম উপজেলা পরিষদ ফটকে তাঁকে মারধর করেছেন।স্থানীয় সূত্রের অভিযোগ, ১ জুলাই উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের টিআরের গম বিতরণের সময় এক প্রতিমন্ত্রীর খালাতো বোন পরিচয়ে লাকি বেগম পিআইও কার্যালয়ে তদবির করছিলেন। এ সময় সাংবাদিক মোস্তফা এর প্রতিবাদ জানান। এ নিয়ে লাকির সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মোস্তফার ওপর হামলা চালানো হয়।গোলাম মোস্তফা বলেন, ‘লাকি বেগম এক প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পিআইও কার্যালয়কে জিম্মি করে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছেন। আমি তার প্রতিবাদ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে।’ লাকি বেগম বলেন, ‘ওই সাংবাদিক আমার ও আমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ সময় আমার স্বামীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয়েছে।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ শাহ্ জিকরুল আহম্মেদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি এর নিন্দা জানাই। প্রতিমন্ত্রীর আত্মীয় এটি করায় আমি নিজেও বিব্রত।’