নবীনগরে সাংসদের বিরুদ্ধে মামলা, পরে প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘স্বাস্থ্য সহকারী’ পদে নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে করা মামলাটি ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে প্রত্যাহার করে নিয়েছেন বাদী। এ ঘটনায় স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা চলছে।জানা গেছে, স্বাস্থ্য সহকারী পদে চাকরি না পাওয়া উপজেলা সদরের মৃত আবুল কাশেমের ছেলে নবীনগর পৌর ছাত্রদলের সহসভাপতি মো. ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই পদে নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদকে আসামি করে রোববার নবীনগর দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ সহকারী বিচারিক আদালতে এ মামলা করেন। সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আরও নয়জনকে আসামি করা হয়।বাদী তাঁর এজাহারে অভিযোগ করেন, ‘স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাইয়ে দিতে স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) নারায়ণ সাহার মাধ্যমে তাঁর (বাদী) কাছে তিন লাখ টাকা উেকাচ দাবি করেন। কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই পদে তাঁর চাকরি হয়নি। অথচ এর বিপরীতে জিয়াউল হক (১ নম্বর আসামি) স্থানীয় সাংসদের চাচাত ভাই ও সুপ্রীতি সাহা (২ নম্বর আসামি) সাংসদের ব্যক্তিগত সহকারীর (পিএস) ভাতিজি হওয়ার সুবাধে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও নিয়োগ পান।’সাংসদ জিকরুল আহমেদ বলেন, ‘আমি কারও কাছে অন্যায়ভাবে কোনো টাকা দাবি করেছি, এমন নজির আমার জীবনে ঘটেনি। মূলত মহাজোট সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের একটি প্রভাবশালী অংশ আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা অপ্রপ্রচারে লিপ্ত আছে। আর এ মিথ্যা মামলাটি এরই একটি অংশ।’সোমবার সকাল থেকেই সাংসদের সমর্থকেরা মামলার বাদীকে হন্যে হয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত কিছুসংখ্যক যুবক তাঁকে না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মামলা প্রত্যাহারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তা চান। হঠাৎ দুপুরের দিকে বাদী নবীনগর আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন জানান। এ সময় আদালতের বিচারক মাহমুদুল হাসান বাদীর আবেদন আমলে নিয়ে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।বাদী মো. ফজলুল হক বলেন, ‘কোনো হুমকি-ধমকি বা চাপে পড়ে মামলা প্রত্যাহার করিনি। মূলত মামলার আরজিতে কিছু ত্রুটি থাকায় এবং শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ায় মামলাটি প্রত্যাহার করে নিয়েছি।’