নবীনগরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মণি রানী দেব (১৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রোববার এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভোলাচং মালাকার পাড়ার বাসিন্দা মানিক দেব ও প্রতিবেশী সুরেশ কর্মকারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শুক্রবার একটি কড়ইগাছ কাটা নিয়ে সুরেশ কর্মকারের লোকজন মানিক দেবের পরিবারের ওপর হামলা চালায়। এতে মানিক দেবের মেয়ে মণি রানী দেব নিহত হয়। আহত হন মানিক দেব (৫০), তাঁর স্ত্রী আলো দেব (৪০), দুই ছেলে লোকনাথ দেব (২০) ও মিঠু দেব। গুরুতর আহত মানিক দেব ও লোকনাথ দেব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মণি হত্যার প্রতিবাদে ভোলাচং উচ্চবিদ্যালয়ের উদ্যোগে গতকাল রোববার বেলা দেড়টার দিকে কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এলাকায় মিছিল বের করেন। মিছিল থেকে ‘হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগান দেওয়া হয়। পরে মিছিলকারীরা নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এলাকার কয়েকজন অভিযোগ করেন, মিছিল শেষে কিছু উচ্ছৃঙ্খল যুবক সুরেশ ও তাঁর আত্মীয়দের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গতকাল বিকেলে জানান, মিছিল শেষে কিছু লোক হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের চারটি বাড়িতে হামলা চালান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।