নবীনগরে হঠাৎ ধান সংগ্রহ বন্ধ, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল সোমবার হঠাৎ সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। এ অবস্থায় লোকসান হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি উদ্যোগে ৩১ জুলাই পর্যন্ত নবীনগরে ধান সংগ্রহ করা হবে বলে কৃষকদের জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী গতকালও অনেক কৃষক উপজেলা খাদ্যগুদামে ধান বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু গুদাম কর্তৃপক্ষ ধান নিতে অপারগতা প্রকাশ করে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ২ হাজার ১০০ টন। পরে তা কমিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে ১ হাজার ৫০০ মেট্রিক টন ধান সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু গত রোববার পর্যন্ত প্রায় ৯০০ মেট্রিক টন ধান নেওয়ার পরই ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
উপজেলার কনিকাড়া গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, ‘আগে ধান আননের লাইগ্যা আমডার কাছে ধরনা দিছে। অহন ধান লইয়া আইছি পরে হেরা কইতাছে, সব ক্লোজ কইরা লাইছে। অহন আমি এই ধান লইয়া কই যামু। সরকারের কাছ থেইক্যা ৯২০ টেহা কইরা পাইতাম। বেপারির কাছে ধান দিলে ৭০০ টেহা কইরা পামু। অহন আমি লোকসানের মইদ্যে পরুম।’
নবীনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রামীম পাঠান বলেন, ‘সারা দেশে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ধান নেওয়া বন্ধ রাখা হয়েছে। কৃষকদের কথা চিন্তা করে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’