নবীনগরে হামলায় ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের পরিমল দাস নামের এক কাপড় ব্যবসায়ী গত সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাঁকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মামলা হয়েছে।
পুলিশ জানায়, নবীনগর বাজারের লিল মিয়া টাওয়ারের হীরালাল বস্ত্রালয়ের মালিক শ্রীরামপুর গ্রামের পরিমল দাস সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে শ্রীরামপুর কাঠবাগানের কাছে পৌঁছালে একই গ্রামের মুজিবুর রহমানের নেতৃত্বে চার-পাঁচজন দুর্বৃত্ত পরিমলের ওপর হামলা চালান। এ সময় তাঁর কাছ থেকে ৬৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ব্যক্তির ছোট ভাই স্থানীয় কণ্ঠশিল্পী বিমল দাস বাদী হয়ে গতকাল মুজিবুরকে ১ নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এএসপি (নবীনগর সার্কেল) সফিউর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।