নবীনগরে ১১টি খুলি ও হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বিল থেকে মানুষের ১১টি খুলি ও বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ইব্রাহিমপুর গ্রামের পূর্বপাড়ার বিলে মাটি খননের সময় খুলি ও হাড়গুলো বেরিয়ে আসে। বয়োজ্যেষ্ঠদের ধারণা, এটি মুক্তিযুদ্ধের গণকবর।উদ্ধার করা খুলি ও হাড়গোড় প্রশাসনের নির্দেশে স্থানীয় এক মুক্তিযোদ্ধার হেফাজতে রাখা হয়েছে।নবীনগর উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে বিলটি অবস্থিত। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দুটি ইঞ্জিনচালিত সেচযন্ত্রের সাহায্যে নরম কাদা মাটি তুলে পাশের জমি ভরাট করা হচ্ছে। মাটি তোলার কারণে ১০-১২ ফুট গভীর খাদের সৃষ্টি হয়েছে। মাটি তোলার শ্রমিক রফিকুল ইসলাম, জুয়েল মিয়া ও কামরুল হোসেন মানুষের মাথার একটি খুলি হাতে নিয়ে বলেন, ‘আইজ আরেকটা খুলি এইখানে পাওয়া গেছে। হয়তো আরও খুলি ও হাড় পাওয়া যেতে পারে। তবে গতকালই বেশি খুলি আর হাড় পাইছিলাম। গতকাল ১০টা খুলি ও মেলা হাড়গোড় পাইছি। হেইগুলা অহন কমান্ডার সাবের বাইত আছে।’মুক্তিযোদ্ধা সংসদের ইব্রাহিমপুর ইউনিয়নের কমান্ডার আবদুল মোনায়েম চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরে একটি চটের বস্তার ভেতরে খুলি ও হাড়গুলো রাখা হয়েছে। সাংবাদিক পরিচয় পেয়ে মোনায়েম চৌধুরী বস্তা থেকে সেগুলো বের করে বিছিয়ে রাখেন। এ সময় তিনি বলেন, যে জমি থেকে খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে, তার অদূরে স্থানীয় ইউপি সদস্য সাত্তার মিয়ার বাড়িতে গত বুধবার কৃষি কার্যালয়ের একটি প্রশিক্ষণ চলছিল। দুপুরের দিকে মাটি কাটার শ্রমিকেরা হাড়গোড় পাওয়ার খবর প্রথমে কৃষি কার্যালয়ের লোকজনকে জানান। তাঁরা গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে আসেন।ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা আবু তাহের (৭৫) ও নছর মিয়া (৭০) বলেন, মুক্তিযুদ্ধের সময় হানাদাররা রাজাকারদের সহায়তায় এই এলাকার মানুষের ওপর অনেক অত্যাচার-নির্যাতন করে। সে সময় এই গ্রামের অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয় তারা। যুদ্ধের সময় ওই বিলে লোকজনকে ধরে নিয়ে অত্যাচার করত হানাদাররা। ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোমান চৌধুরী বলেন, ‘মাটির নিচ থেকে এত মানুষের অস্থি, খুলি বেরিয়ে আসায় আমরা হকচকিত হয়ে পড়ি। সরকারি উদ্যোগে ওই জায়গায় আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো দরকার।’উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আগামীকাল (শনিবার) স্থানীয় সাংসদ একটি বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা রয়েছে।