নবীনগরে ১৪টি জাল নোটসহ গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল মঙ্গলবার ১৪টি জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ইব্রাহিমপুর বাঁশবাজারে গতকাল সকালে শাহীনূর বেগম ও শাহরিয়ার হাসান নামের দুজন একটি দোকান থেকে সওদা কিনে একটি নোট দেন। দোকানির সন্দেহ হলে তিনি অন্য ব্যবসায়ীদের সহায়তায় এ দুজনকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে যান। সেখানে এ দুজনের কাছ থেকে সাতটি এক হাজার টাকা ও সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাঁশবাজারের পাশের একটি বাড়ি থেকে রোকসানা বেগম ও রকিব মিয়া নামের আরও দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের সবার বাড়ি উপজেলার রসুল্লাবাদ গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।