ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সভা আহ্বান করেছে উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন আজ ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসক আবদুল মান্নান গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আজ সকাল ১০টার দিকে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের ডাকে স্থানীয় আওয়ামী লীগের এক ‘বর্ধিত সভা’ আহ্বান করা হয়। পক্ষান্তরে একই দিন একই সময়ে পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ নারীনীতি বাস্তবায়নের দাবিতে ‘মতবিনিময় সভা’ আহ্বান করেন। এ সভায় মহাজোটের স্থানীয় সাংসদ ও জাসদ নেতা শাহ জিকরুল আহমেদকে প্রধান অতিথি করা হয়। এ নিয়ে উভয় পক্ষে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে একই মাঠে বেলা তিনটায় নারীনীতির বাস্তবায়ন নিয়ে সভা ডেকেছে আওয়ামী লীগ সরকারের শরিক দল জাসদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুর রউফ পক্ষের সমর্থকেরা তাদের সভা সফল করতে শহরে একটি মিছিল বের করে। এ নিয়ে শহরে কিছুটা শঙ্কা দেখা দেয়। মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হবে।