নবীনগরে ৪০ বাড়িতে ভাঙচুর লুট তিন নারী টেঁটাবিদ্ধসহ আহত ৩০
তরুণীকে হয়রানি করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুলাসিন গ্রামে গতকাল বুধবার সকালে পাশের গ্রামের লোকজন হামলা চালিয়েছে। এ সময় কমপক্ষে ৪০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে বাধা দিতে গিয়ে তিন নারী টেঁটাবিদ্ধ হয়েছেন। হামলায় শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ নারীরা হলেন: শেফালী বেগম (২৪), রুবি বেগম (৪৫) ও মিনু বেগম (৩৫)। তাঁদেরসহ আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নবীনগর সদর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে কুলাসিন গ্রাম। গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, হামলায় তছনছ হয়ে যাওয়া বাড়িঘরের সামনে নারীসহ গ্রামের বাসিন্দারা আহাজারি করছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে পাশের কাদৈর গ্রামের কয়েকজন তরুণ কুলাসিন গ্রামে লক্ষ্মীপূজার দশমী দেখতে আসে। একপর্যায়ে তাঁরা একটি মেয়েকে হয়রানি করেন। পরে কুলাসিন গ্রামের একদল তরুণ এর প্রতিবাদ জানান। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। পরে উত্ত্যক্তকারীদের মারধর করা হয়। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে কাদৈর গ্রামের কয়েক শ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুলাসিন গ্রামে দফায় দফায় হামলা চালায়। প্রায় এক ঘণ্টা পর সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সাত-আটজন সদস্য ঘটনাস্থলে পৌঁছান। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ আব্বাস জানান, ‘আমরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হই। পরে নবীনগর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’নাম প্রকাশ না করার শর্তে কুলাসিন গ্রামের একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, কাদৈর গ্রামের শওকত, সালাউদ্দিন ও মনিরের নেতৃত্বে এই হামলা ও লুটপাট চালানো হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের গ্রামের বিভিন্ন বাড়িতে এই তাণ্ডব চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে নারী, শিশুসহ ওই ৩০ জনকে আহত করা হয়। সুবেদার (অব.) আবদুল হামিদ বলেন, ‘সারা জীবনের চাকরির জমানো টাকা দিয়ে বাড়িতে দিনে দিনে যেসব আসবাব তৈরি করেছিলাম, হামলাকারীরা এর কিছুই রেখে যায়নি। সব লুট করে নিয়ে গেছে।’ নাসিমা আক্তার (৫৫) নামের এক দরিদ্র বিধবা নারী হামলার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার তিন ছেলে-মেয়ের দুটিই প্রতিবন্ধী। ধারদেনা করে ছেলেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দিই। এর আয় দিয়েই কোনো রকমে আমাদের সংসার চলত। হামলাকারীরা ঘরের সর্বস্ব লুটে নেওয়ার পাশাপাশি আমাদের অটোরিকশাটি ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আমরা এখন খাব কী, চলব কেমনে?’ কামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি বলেন, ‘হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট তো করেছেই, আমার একটি গাভিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মানুষ এমন পশুর মতো আচরণ করতে পারে, চিন্তা করা যায় না। গ্রামের বেশ কয়েকটি গরু-ছাগল ধরে নিয়ে গেছে।’মানিক মিয়া (৩৫) বলেন, ‘আমার মুদির দোকানের সব মালামাল লুট করে নিয়ে গেছে। গ্রামের আরও দুটি মুদির দোকান লুট করা হয়েছে।’ হামলার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শফিউর রহমান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দুই গ্রামের সর্দারদের নিয়ে বৈঠক করেছি। তাঁরা সালিসের মাধ্যমে এ ঘটনার মীমাংসা করতে রাজি হয়েছেন।’উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ‘এ হামলার ঘটনায় আমি মর্মাহত। এই হামলা বর্বর। সালিস-টালিসে হবে না, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’এএসপি শফিউর রহমান গতকাল বিকেলে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) পর্যন্ত পুলিশ ওই গ্রামে থাকবে। এই ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।