দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রধান অতিথি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। কলেজের উপাধ্যক্ষ উম্মে কুলসুম সুরাইয়া বেগম, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল মান্নান সরকার এবং দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২০১৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ এবং ২০১১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কলেজের ১৫টি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ ১৫৭ জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ ২৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে ইসলামের ইতিহাস বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী কলেজের শিক্ষার্থী আল মামুন সরকার এবং তাঁর বাবা-মাকেও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবালুর রহিম বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পালন করেন রাজনীতিবিদেরা। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, অর্থনীতি, বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক ইত্যাদি অনেক বিষয়ে দায়িত্ব পালনের জন্য মেধাবীদের প্রয়োজন। কিন্তু মেধাবীরা রাজনীতিতে আসতে চান না।