পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনদের স্বাগত জানাতে গিয়েও নিজেদের সহিংস রূপ আড়াল করতে পারেনি ছাত্রলীগ ও ছাত্রদল। গতকাল সোমবার নবীনদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদল মিছিল বের করলে একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎকারের দিন নির্ধারিত ছিল। সকাল থেকেই নবীনদের পদচারণে মুখর ছিল ক্যাম্পাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনদের স্বাগত জানিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ মিছিল বের করে। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের দিকে আসতেই ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। এ সময় মুখোমুখি দুপক্ষের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কিছু বহিরাগতও এতে যোগ দেয়। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষে দুপক্ষের পাঁচজন আহত হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রক্টর মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।