নবীনবরণ অনুষ্ঠানের দাবিতে বরিশাল নগরের সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্ররা গতকাল বৃহস্পতিবার মিছিল ও ভাঙচুর করেছেন। তাঁরা কলেজের প্রশাসনিক ভবন দুই ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষক পরিষদের বুধবারের সভায় এইচএসসি পরীক্ষার পর নবীনবরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। কিন্তু ছাত্ররা এর আগেই নবীনবরণ অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন। শিক্ষক পরিষদের সভার সিদ্ধান্ত জানার পর গতকাল বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষুব্ধ সাধারণ ছাত্ররা কলেজে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা প্রশাসনিক ভবন ও শিক্ষক পরিষদের কক্ষে ভাঙচুর করেন এবং প্রশাসনিক ভবনে তালা দেন। এ সময় প্রশাসনিক ভবনে কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন। দুই ঘণ্টা পর তালা খুলে দিলে শিক্ষকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা। বৈঠকে ৩০ মার্চ নবীনবরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন বলেন, শিক্ষক পরিষদের বুধবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসি পরীক্ষার পর নবীনবরণ অনুষ্ঠান করার আহ্বান জানালে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে গতকাল ভাঙচুর চালান ও প্রশাসনিক ভবনে তালা দেন।কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘কলেজে কয়েক বছর ধরে নবীনবরণ করতে দেওয়া হচ্ছে না। এ বছরও আমরা নবীনবরণ অনুষ্ঠানের দাবি জানালে শিক্ষকেরা টালবাহানা করতে থাকেন। তা ছাড়া ভর্তির সময় অতিরিক্ত অর্থ আদায় এবং ছাত্র সংসদ নির্বাচন না দেওয়ায় গতকাল সাধারণ ছাত্ররা এর প্রতিবাদে ভাঙচুর চালান এবং প্রশাসনিক ভবনে তালা দেন।’ কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, ‘আমরা টেস্ট ও এইচএসসি পরীক্ষার পর নবীনবরণ করতে চাইছিলাম। কিন্তু ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় ও তালা দেয়।’