নবীনে ভরসা বিএনপির

চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ৩টি জোটের শরিক দলগুলোকে ছেড়ে দিয়েছে বিএনপি। বাকি ১৩টির মধ্যে আটজনই দলের নবীন প্রার্থী। তাঁদের মধ্যে ছয়জনেরই নির্বাচন করার অভিজ্ঞতা নেই। স্থানীয় পরিষদ নির্বাচন করার অভিজ্ঞতা আছে দুজনের। ফলে চট্টগ্রামে নবীনের ওপর এখন বিএনপির ভরসা।
দলীয় সূত্র জানায়, ১৯৭৯ সালে বিএনপি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। তখন দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নবীন মুখের ছড়াছড়ি ছিল। প্রায় ৩৯ বছর পর চট্টগ্রামে এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্র নবীনদের অগ্রাধিকার দিয়েছে বিএনপি। ফলে আওয়ামী লীগের অভিজ্ঞ প্রার্থীদের সঙ্গে বিএনপির নবীন প্রার্থীদের নির্বাচনী লড়াই বেশ উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে।
চট্টগ্রামে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী নবীন দেওয়ার কারণ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখন নব–নবীনের যুগ। নবীনেরা উন্নয়নের ইঞ্জিন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের নবীন ভোটারের মনোভাব তাঁরা বুঝতে পারবেন বলে চট্টগ্রামে আট নবীনকে প্রার্থী করা হয়েছে।’
দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচনে চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন পান নুরুল আমিন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দলীয় মনোনয়ন পান। মিরসরাই উপজেলার একটি ইউনিয়নের ওয়ার্ডে ১৯৯৮ সালে মেম্বার পদে নির্বাচন করে জয়ী হন তিনি। ২০০৩ সালে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হন। ২০১৪ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হন।
চট্টগ্রাম–১ আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন বলেন, ‘জীবনে এই প্রথম এমপি নির্বাচনে অবতীর্ণ হচ্ছি। কিন্তু জনমত আমার পক্ষে আছে। এমপি পদে নবীন প্রার্থী হলেও আমার কাছে নির্বাচনটা কঠিন নয়।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমার কঠিন প্রতিপক্ষ নয়। আমার প্রতিপক্ষ রাষ্ট্রযন্ত্র।’
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে জেলা কৃষক দলের নেতা ইসহাক চৌধুরী, চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে সাবেক ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিন সিকদার, চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক বিএনপির মনোনয়ন পান। তাঁরা প্রার্থী হিসেবে নবীন।
চট্টগ্রাম–২ আসনে বিএনপির প্রার্থী কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার প্রথম আলোকে বলেন, ‘১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ছাত্র রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলাম। ১৯৬৯ সালে ছাত্রলীগের রাজনীতি দিয়ে আমার যাত্রা শুরু। ১৯৭২ সালে জাসদে যোগ দিই। ফলে রাজনীতিতে আমার অভিজ্ঞতা আছে।’ বাহার আরও বলেন, ‘ফটিকছড়ি বিএনপির দুর্গ। ৭৫–৮০ ভাগ সমর্থক বিএনপির। কিন্তু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমার আশঙ্কা আছে। জনগণ যাতে ভোটকেন্দ্র যেতে পারে এবং আরও কিছু কৌশল নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। জনগণ কেন্দ্রে যেতে পারলে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না।’
চট্টগ্রাম–১২ আসনে বিএনপির নবীন প্রার্থী এনামুল হক জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবারের ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মানুষ অনেক দিন ধরে ভোট দিতে পারছে না। এ ছাড়া পটিয়ায় মাদকের বিস্তার ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ বিএনপির পক্ষে আছে। নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলে জয় আমার অবধারিত।’
সালাহউদ্দিন কাদের চৌধুরী পরিবার ১৯৭৯ সাল থেকে চট্টগ্রাম–৬ আসনে আধিপত্য বিস্তার করে আসছে। ওই পরিবারের সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী টানা তিনবার আওয়ামী লীগের টিকিটে সাংসদ হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন একই পরিবারে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আগামী নির্বাচনে সাংসদ ফজলে করিম চৌধুরী আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। কিন্তু বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. জসিম উদ্দিন সিকদার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। ২০০৯ সালে তিনি বিএনপির সমর্থনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান।
মো. জসিম উদ্দিন সিকদার বলেন, ‘রাউজানে প্রতিহিংসার নয়, প্রতিযোগিতার রাজনীতি চর্চা শুরু করতে চাই। একটি সুন্দর পরিবেশে নির্বাচন আমাদের কাম্য, যাতে সবাই ভোট দিতে পারে।’