নবীপুর ইউপি কার্যালয় থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কক্ষ থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল ওই বস্তুটি উদ্ধার করে।
নবীপুর ইউপির চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তিনি পরিষদে তাঁর কক্ষে এসে দেখেন কালো টেপ মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু তাকের ওপর রাখা। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তিনি। পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, উদ্ধার করা বস্তুটি ককটেল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (ডিজি) করা হবে। কারা কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।