নব্বইয়ের দশকের ঢাকার ছবি নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএনসিসির নগর ভবনে ঢাকা: মেমোরিজ অর লস্ট বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) আবুল খায়ের, নসরুল হামিদ, আনিসুল হক ও কাশেফ চৌধুরী l প্রথম আলো
ডিএনসিসির নগর ভবনে ঢাকা: মেমোরিজ অর লস্ট বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) আবুল খায়ের, নসরুল হামিদ, আনিসুল হক ও কাশেফ চৌধুরী l প্রথম আলো

বিগত শতকের নব্বইয়ের দশকে ঢাকায় যাঁদের শৈশব কেটেছে, তাঁদের দেখা ঢাকা ছিল এক অন্য রকম শহর। তখনকার ঢাকাকে ক্যামেরাবন্দী করেছিলেন কাশেফ চৌধুরী। যাঁদের চোখের সামনে এই শহর বদলে গেছে, ছবিগুলো স্মৃতিকাতর করবে তাঁদের। নব্বইয়ের দশক ও ২০০০ সালে তোলা এ রকম কিছু ছবি নিয়ে প্রকাশিত হয়েছে স্থপতি কাশেফ চৌধুরীর আলোকচিত্রের বই ঢাকা: মেমোরিজ অর লস্ট।

গতকাল শনিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এই বইয়ের মোড়ক খোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘ক্যামেরা চোখের থেকেও বেশি দেখে। ক্যামেরা চালাতে অনেকেই জানে, কিন্তু কথা বলার মতো ছবি তোলা কঠিন কাজ। ক্যামেরার মাধ্যমে জীবনকে আরও জীবন্ত করে তোলার কঠিন কাজটি করেছেন কাশেফ।’ তিনি আরও বলেন, ‘জলাশয়ের মশা নিধন করতে গিয়ে দেখি, সেই কাজের অধিকার আমার নেই। এ নিয়ে একটা কথা বলে এখন আমার সুইসাইড করার মতো অবস্থা হয়েছে। শহরকে সুন্দর করে তুলতে গিয়ে আইনগত নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। শহরকে সুন্দর করে তোলার দায়িত্বে এসে দেখি, কাজটি অতটা সহজ নয়।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জাতীয় সংসদ ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো নান্দনিক স্থাপনাগুলো বহু স্থপতিকে অনুপ্রাণিত করেছে। আমি আমার এলাকার মাস্টারপ্ল্যান করছি। প্রত্যেকেরই সে রকম করা উচিত। তাহলেই শহরটি সুন্দর হয়ে উঠবে। আমি মনে করি, ঢাকা এখনো হারিয়ে যায়নি। এই শহরটিকে এখনো প্রতিদিনই ভালো লাগে।’

বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘কাশেফের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভাবনা ভাগাভাগি করে আসছি। তিনি একজন প্রতিশ্রুতিশীল মানুষ। একটি শহরকে সুন্দর করে তোলার কাজটি করেন স্থপতিরা। কাশেফ সে রকম একজন। একঝাঁক স্থপতিকে সঙ্গে নিয়ে আমরাও দেশের কয়েকটি শহরের মাস্টারপ্ল্যান করছি।’

কাশেফ চৌধুরীর বইটিতে রয়েছে ৭০টি আলোকচিত্র। প্রকাশ করেছে সুইস প্রকাশক শাইজেগার অ্যান্ড স্পিস। বইয়ের মোড়ক খোলার এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য স্থপতি ও আলোকচিত্রীরা।