নব্য-উদারবাদ দেশের ভেতরে যেমন আয় ও সম্পদের বৈষম্য বৃদ্ধি করেছে, তেমনি সারা বিশ্বে একধরনের অসম বিশ্বায়ন প্রক্রিয়ার জন্ম দিচ্ছে। এর ফলে ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবেরা আরও গরিব হচ্ছে।
দক্ষিণ এশিয়ার নব্য-উদারবাদ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুদিনব্যাপী এ সেমিনার শুরু হয়। সামাজিক বুদ্ধিবৃত্তিক চর্চার সংগঠন বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে গবেষক স্বপন আদনান বলেন, নব্য-উদারবাদের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা বিলীন হয়ে যাচ্ছেন। ধনীরা আরও ধনী হচ্ছেন। গরিবেরা আরও গরিব হচ্ছেন। এতে ভারতের গবেষক সুদেষ্ণা চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সমাজবিজ্ঞানী কে এ এম সা’দউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে স্থপতি বিকাশ আনসারি বলেন, ‘আদিবাসীরা কয়েক শ বছর ধরে বাঁশ-ছন ইত্যাদি দিয়ে টেকসই ঘর নির্মাণ করছে। বিশ্বায়নের যুগে তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে।’
এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, অর্থনীতির উদারবাদের চেয়ে এক ধাপ ক্রমাবনতি হচ্ছে নব্য-উদারবাদ। এ অধিবেশনের আলোচক গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, নব্য-উদারবাদের ফলে ওপরের মানুষের অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু যারা দরিদ্র বা সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির ছিল, তাদের অবস্থার পরিবর্তন হয়নি।
সন্ধ্যার ‘নব্য-উদারবাদ: ভাষা, শিক্ষা, গণমাধ্যম, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মূল্যবোধের সংকট’ শীর্ষক চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।