নব্য উদারবাদের কারণে ধনীরা আরও ধনী, গরিবেরা আরও গরিব হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে প্রগতিশীল সব শক্তিকে নিয়ে গণঐক্য গড়তে হবে। সব নাগরিকের জন্য রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
দক্ষিণ এশিয়ার নব্য উদারবাদ শীর্ষক সেমিনারের শেষ দিনে গতকাল শনিবার নব্য উদারবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান জানানো হয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সেমিনার শুরু হয়। সামাজিক বৃদ্ধিবৃত্তিক চর্চার সংগঠন বাংলার পাঠশালা ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।
গতকাল শেষ দিনে ‘নব্য উদারবাদ প্রতিরোধ-একটি প্রগতিশীল ইশতেহারের অনুসন্ধান’ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে নব্য উদারবাদ প্রতিরোধে বাম সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে লড়াই করার বিষয়ে মতৈক্য হয়। শুধু বামপন্থীরাই নন, উদার নীতিবাদীদের মধ্যে যাঁরা শিক্ষা ও স্বাস্থ্যকে মানবাধিকার হিসেবে গণ্য করেন এবং রাষ্ট্রীয়ভাবে এ ক্ষেত্রে সেবা দেওয়া প্রয়োজন বলে মনে করেন, তাঁদের নিয়ে একসঙ্গে লড়াই করার কথা বলা হয়। সেমিনারে বলা হয়, নব্য উদারবাদের কারণে শুধু ব্যক্তি নয়, সাংস্কৃতিক অঙ্গন ও প্রচারমাধ্যম পুঁজিবাদীদের পক্ষে কথা বলছে। এর বিরুদ্ধে বিকল্প সাংস্কৃতিক শক্তি গড়ে তুলতে হবে।
সেমিনারে আলোচকেরা বলেন, নব্য উদারবাদের কারণে উৎপাদনশীল অর্থনীতির বদলে লুটপাটের অর্থনীতি গড়ে উঠেছে। দুর্নীতিপরায়ণ সামরিক ও বেসামরিক আমলা এবং রাজনীতিবিদের একটি অংশ জোটবদ্ধভাবে এই লুণ্ঠন করছে। দক্ষিণ এশিয়ার সব কটি রাষ্ট্রেই এই প্রবণতা বেড়েছে। লুটেরাদের এই জোট ভাঙতে হবে। বলা হয়, রাষ্ট্রক্ষমতার পরিবর্তনই চূড়ান্ত সমাধান। সে কারণে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
দুই দিনের সেমিনারের ছয়টি অধিবেশনে বাংলাদেশ ও ভারতের বুদ্ধিজীবী, গবেষক, রাজনীতিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ২০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুজ্জামান এবং ব্যাংকার ও কলামিস্ট রমনীমোহন দেবনাথ। এর আগে ‘দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য-বৈষম্য-অসমতা: একীভূত রাজনৈতিক-অর্থনীতি তত্ত্বের সন্ধানে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আবুল বারকাত। সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রতন খাসনবীশ।