নব্য জেএমবির আইয়ুব বাচ্চুসহ পলাতক জঙ্গিরা গ্রেপ্তার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশসহ বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যরা নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ গুলশান হামলায় জড়িত পলাতক সব জঙ্গিকে গ্রেপ্তারে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

গতকাল রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তাঁদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলায় এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক মইনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-গণমাধ্যম ও পরিকল্পনা) মহসিন হোসেন, ডিআইজি এ কে এম শহীদুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আইজিপি শহীদুল হক বলেন, ‘দেশে জঙ্গিবাদ উত্থানের একটা পর্যায়ে গিয়েছিল। গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে যে ঘটনা ঘটল, এটা বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক একটি ঘটনা। এর সাত দিন পর শোলাকিয়ায় জঙ্গি হামলায় দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরপর থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এই জঙ্গিদের বিরুদ্ধে। সব মহলই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কোনো কোনো মহল জঙ্গিবাদী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু মিডিয়াকর্মী হিসেবে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আপনাদের কারণে আমরাও উৎসাহিত হয়েছি।’

নব্য জেএমবির নেতৃত্বে আসা আইয়ুব বাচ্চু ছদ্মনামের এক জঙ্গিসহ গুলশান হামলায় জড়িত আরও পাঁচ জঙ্গি ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এর প্রেক্ষাপটে আবার সেই ধরনের জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে পুলিশপ্রধান বলেন, ‘আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন আর যা-ই বলেন, সবগুলোই আমাদের জালে পড়বে। আমরা সবগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হব। পুলিশের গোয়েন্দাসহ সব গোয়েন্দা তাদের গ্রেপ্তারে কাজ করছে।’ আইজিপি বলেন, জনগণ যখন চোখ-কান খোলা রাখবে, সচেতন হবে এবং এদের (জঙ্গি) বিরুদ্ধে সোচ্চার হবে, তখনই জঙ্গি নির্মূল করা সম্ভব হবে। 

দুই বছর আগে চট্টগ্রামে এক জঙ্গির কাছ থেকে অনেক তথ্য পেয়েও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘তথ্য জানলে পুলিশ অভিযান চালাবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। জানব আর বসে থাকব, তা হতে পারে না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তার কারণে কোথাও রথযাত্রা বন্ধ নেই, বন্ধ করার প্রশ্নই ওঠে না। প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ ধর্ম পালন করবে। প্রয়োজন হলে পুলিশ তাদের নিরাপত্তা দেবে।