নব্য জেএমবির এক সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজধানীতে এক নব্য জেএমবির সদস্যকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ওই আসামির নাম রিজওয়ান কাদের ওরফে আবদুল্লাহ আবদুর রহমান (৩৩)।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই আদেশ দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রমনা থানাধীন হাতিরঝিলের পাগলা বাজার মোড় থেকে রিজওয়ান কাদের ওরফে আবদুল্লাহ আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান আসামিকে রহমানকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সক্রিয় সদস্য। আসামি স্বীকার করেন যে তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য ও সরকারবিরোধী পোস্ট করে আসছিলেন। তাঁর সহযোগী অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য তাঁকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পর রহমানের বিরুদ্ধে গতকাল কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় এই মামলা করেন। আসামির বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার মাঝিরঘাট এলাকায়। তাঁর বাবার নাম ফজল কাদির।