নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেম খুনের দায় স্বীকারের পাশাপাশি নব্য জেএমবির বিষয়ে তথ্য দিয়ে মো. ইলিয়াছ আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার বিকেলে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের বিচারক মাশফিকুল হক তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে ইলিয়াছকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২১ আগস্ট একই ঘটনায় ওই আদালতের একই বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ইলিয়াছের বন্ধু মোছলেহ উদ্দিন ওরফে সুজন।
ইলিয়াছের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০ পৃষ্ঠার জবানবন্দিতে ইলিয়াছ মাজারের খাদেম হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পাশাপাশি জঙ্গি সংগঠন নব্য জেএমবিতে জড়িত হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য দিয়েছেন।
এ কে এম জহিরুল ইসলাম বলেন, জবানবন্দিতে ইলিয়াছ স্বীকার করেছেন, তিনি ইন্টারনেটের মাধ্যমে নব্য জেএমবির প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি গত বছর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চট্টগ্রামে চলে যান। সেখান থেকে জেএমবির বড় ভাইদের নির্দেশনা অনুযায়ী সীতাকুণ্ডে প্রশিক্ষণ নেন। পরে একপর্যায়ে বাড়ি ফিরে যান। কিন্তু বাড়ি ফিরে আসার পর কিছুদিন আগে তাঁর সঙ্গে আবারও নব্য জেএমবির যোগাযোগ হয়। তাঁকে আশপাশের পীর কিংবা মাজারের খাদেম নিয়ে কিছু করতে উদ্বুদ্ধ করা হয়। সে অনুযায়ী তিনি বন্ধু সুজনকে নিয়ে সোনাইমুড়ীর আফজাল শাহর মাজারে গিয়ে খাদেমকে হত্যা করেন।
গত ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল শাহর মাজারের খাদেম সোনা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে প্রথমে মো. ইলিয়াছ এবং পরে সুজনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহত খাদেমের স্ত্রী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করেন।