নব্য জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩
বগুড়ায় গত বৃহস্পতিবার রাতে নব্য জেএমবির সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে একজন নব্য জেএমবির তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আবদুল আজিজ মামুন, রোহনপুর ইসলামগঞ্জ গ্রামের আবদুল্লাহেল কাফি ওরফে ফারহান এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের হাবিবুর রহমান রাসেল।
বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জুলহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের কাছে তথ্য ছিল, নব্য জেএমবির স্থানীয় তিন সদস্যের সঙ্গে মিলে নাশকতা চালাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও ছয় সদস্য বগুড়ায় আসছেন। ওই দলটিকে ধরতে বগুড়া ডিবির একটি দল বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকি বসায়। রাত সোয়া ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা জেএমবির ছয় সদস্যকে চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। একটি মোটরসাইকেলে থাকা তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ডিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যান অপর তিন সদস্য। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে আবদুল্লাহেল কাফি ফারহান নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক কেজি গানপাউডার এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এসআই জুলহাজ আরও বলেন, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া তিনজন এবং বগুড়ার স্থানীয় তিন সদস্যদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনের আলাদা ধারায় মামলা করা হয়েছে।