নব্য দাসত্ব রোধে যুক্তরাজ্যে নতুন আইন কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার ও নব্য দাসত্ব রোধে যুক্তরাজ্যে আজ ১ আগস্ট থেকে মডার্ন স্লেভারি অ্যাক্ট নামের নতুন আইন কার্যকর হয়েছে। এ আইনে মানব পাচার ও নব্য দাসত্বের সাজা ১৪ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করা হয়েছে।
নতুন এ আইনে নব্য দাসত্ব হিসেবে বিবেচিত হয় এমন আচরণের পরিধি বাড়ানো হয়েছে। এর ফলে কর্মীদের প্রতি বাংলাদেশি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানের আচরণও নব্য দাসত্ব হিসেবে বিবেচিত হতে পারে। নতুন আইনে ভুক্তভোগীদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তিবিধান করতে আদালতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
এ আইন অনুযায়ী জোর করে কাউকে দিয়ে কাজ করানো, দুর্বলতার সুযোগ নিয়ে শ্রমের সঠিক মূল্য না দেওয়া, কর্মচুক্তিতে নেই এমন কাজ করতে বাধ্য করার মতো বিষয়গুলো নব্য দাসত্ব হিসেবে বিবেচিত হবে। নতুন আইনে নব্য দাসত্বের শিকার ব্যক্তিরা দাসত্বকালীন করা কোনো অপরাধের জন্য দায়ী হবেন না। ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে দোষী ব্যক্তিদের সম্পদ জব্দ করার বিধানও রাখা হয়েছে নতুন আইনে।
যুক্তরাজ্যে অনেক রেস্তোরাঁ কিংবা বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মচারীদের ভিসা জটিলতা বা অন্য কোনো দুর্বলতা কাজে লাগিয়ে তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে। চুক্তির বাইরে কাজ করতেও বাধ্য করে। গত সপ্তাহে স্কটল্যান্ডের ফ্রন্ট উইলিয়াম শেরিফ কোর্ট বাংলাদেশি বংশোদ্ভূত সামসুল আরেফিনকে (৪৭) মানব পাচার ও নব্য দাসত্বের দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। সামসুল আরেফিন তাঁর হোটেলে শেফের কাজ করার জন্য বাংলাদেশ থেকে চার ব্যক্তিকে ওয়ার্ক পারমিট দিয়ে এনেছিলেন। কিন্তু তিনি তাঁদের চুক্তিমতো মজুরি দেননি।