নব্য স্বৈরাচার অতীতের চেয়েও বেশি নির্যাতন চালাচ্ছে: দেলোয়ার
নব্য স্বৈরাচার অতীতের চেয়ে বেশি জুলুম, নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি এরশাদের প্রতি ইঙ্গিত করে বলেন, যাঁকে জাতীয় বেইমান বলা হয়েছিল, তাঁর সঙ্গেই আজকের প্রধানমন্ত্রী হাত মিলিয়েছেন। বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করে এ নব্য স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি। শহীদ নাজির উদ্দিন জেহাদের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, ভেজাল নেতৃত্ব দিয়ে আন্দোলন শক্তিশালী করা যায় না। তাই বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মূল স্রোতের নেতা-কর্মীদের দিয়ে আন্দোলন জোরদার করতে হবে। ’৮৬ সালে খালেদা জিয়ার একক নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটেছিল বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এরশাদ শুধু জেহাদকেই হত্যা করেননি, ওই সময় অনেক গণতন্ত্রকামী মানুষকেও তিনি হত্যা করেছেন। পরিষদের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, রিজভী আহমেদ, এম ইলিয়াস আলী, এ জেড এম জাহিদ হোসেন, হাবিব-উন-নবী খান সোহেল, জেহাদের বোন খন্দকার চামেলী মাহমুদ প্রমুখ।