সরকার চাইলেও আগামী নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মনে করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, ওই সময়ে মাধ্যমিক স্কুলগুলোতে সমাপনী পরীক্ষা হবে বলে স্কুল ভবন খালি পাওয়া যাবে না। শিক্ষকেরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। ইসি মনে করে, সরকার সংসদের আগামী অধিবেশনে আইন সংশোধন করে দিলে সামনের ডিসেম্বরে পৌরসভা এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজন করা সম্ভব।এ বিষয়ে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আইনি জটিলতার কারণে ইউপি ও পৌর নির্বাচন সম্পর্কে কমিশনের পক্ষে আগাম সিদ্ধান্ত নেওয়া দুষ্কর। যে কারণে আমরা এখন আইন সংশোধনের অপেক্ষায় আছি। আর সংসদের আগামী অধিবেশনে আইন পাস হলেও নভেম্বর-ডিসেম্বরে যে ইউপি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, সেটা নিশ্চিত।’ এরপর যেকোনো সময়ে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি কমিশনের রয়েছে বলে জানান ছহুল হোসাইন।প্রসঙ্গত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদের গত অধিবেশনসহ একাধিক অনুষ্ঠানে বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির হিসাব অনুযায়ী দেশের চার হাজার ৫০৪টি ইউপির মধ্যে চার হাজার ২২৮টিই মেয়াদোত্তীর্ণ। ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এসব ইউপিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল, আর মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের শুরুর দিকে। এর বাইরে ৮০টির মতো ইউপিতে আইনি বাধার কারণে এক-দেড় যুগ ধরে নির্বাচন হচ্ছে না।অন্যদিকে ৩০৯টি পৌরসভার মধ্যে বর্তমানে ২৭২টি মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। তা ছাড়া ২০১০ সালে সাতটি, ২০১১ সালে ২০টি, ২০১২ সালে একটি এবং ২০১৩ সালে নয়টি পৌরসভার মেয়াদ শেষ হবে।আইনগত অসংগতির কারণে কমিশন এসব ইউপি ও পৌর নির্বাচন যথাসময়ে আয়োজন করতে পারেনি। সরকার ২০০৯ সালে এই দুটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য যে আইন পাস করেছে, তাতে বলা হয়েছে, ইউপি ও পৌরসভার ওয়ার্ডগুলোর মধ্যে জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে সীমানা নির্ধারণ করতে হবে। ইসির মতে, এর আওতায় ইউপি এবং পৌরসভার ওয়ার্ড নতুন করে বিন্যাস করা হলে সারা দেশের গ্রাম ও মহল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেশজুড়ে সামাজিক অশান্তিও সৃষ্টি হতে পারে। এ কারণে আইন দুটির এই ধারা বাদ দেওয়ার জন্য ইসি সুপারিশ করে এবং ৬ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ পৌরসভা আইন থেকে ধারাটি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। ইসি তাই মনে করে, আগামী অধিবেশনে সংসদে সংশোধনী বিলটি পাস হলে নভেম্বর-ডিসেম্বরেই পৌর নির্বাচন আয়োজন করা সম্ভব।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নভেম্বর-ডিসেম্বরে ইউপি নির্বাচনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের সমস্যা ছাড়াও আরেকটি বাধা হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে হজ অনুষ্ঠানের বিষয়টি। কমিশন এটিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে যথাসময়ে আইন সংশোধন করে দেওয়া হলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই নির্বাচন আয়োজন করা সম্ভব। সে জন্য প্রয়োজনীয় মালামালও মজুদ রয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকাতে গত মাসে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা টাঙানো হয়েছে। এ বিষয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।