নভেম্বর থেকে সমুদ্রে মত্স্যসম্পদ জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মত্স্যসম্পদ জরিপের কাজ আগামী নভেম্বর থেকে শুরু হবে। এ কাজের জন্য মালয়েশিয়া থেকে আর ভি মিন সন্ধানী নামের একটি আধুনিক প্রযুক্তির গবেষণা ও জরিপ জাহাজ ৯ জুন চট্টগ্রামে পৌঁছেছে।
মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, নভেম্বরে সাগরের আবহাওয়া অনুকূল থাকবে। সে সময় বাংলাদেশের সমুদ্র সীমানায় ভাসমান ও তলদেশে কী পরিমাণ মাছ রয়েছে, সে বিষয়ে জরিপ চালানো হবে। এ কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ১৯৭৩ সালে রাশিয়ার ট্রলারের মাধ্যমে সমুদ্রে ভাসমান ও তলদেশে মজুত মাছের পরিমাণ জানতে জরিপ চালানো হয়েছিল। এরপর আর জরিপ চালানো হয়নি।
প্রশ্নোত্তরের আগে বেলা পৌনে ১১টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সফুরা বেগমের প্রশ্নের জবাবে ছায়েদুল হক বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৯৯ মিলিয়ন মার্কিন ডলারের ৮৩ হাজার ৫২৪ টন মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে হিমায়িত চিংড়ির পরিমাণ ৪৪ হাজার ২৭৮ টন।
জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, রমজান মাস ও ঈদ সুষ্ঠুভাবে উদ্যাপনের জন্য চলতি মাসে সারা দেশের নিবন্ধন বিভাগের নকলনবিশদের বকেয়া বিল পরিশোধ করা হবে। তিনি জানান, কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ী করাসহ স্থায়ী বেতনকাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য অতি অল্প সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে।
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩।