নভেম্বর নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের মাস
এখন থেকে নভেম্বর মাসকে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন ও সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটি আজ রোববার এ ঘোষণা দেয়। পরে সংগঠনটি গণমাধ্যমে এ বিষয়ক এক বিজ্ঞপ্তি পাঠায়।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয় ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসটি জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারী ও কন্যাশিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হবে। এ ছাড়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালনের ঘোষণা দেয় মহিলা পরিষদ।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতনের মাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে তা দেখে মনে হয় সমাজ বিবেকহীন, পাশবিক বৈকল্যের দিকে এগোচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে সবাই মিলে সমাজের বিবেক জাগ্রত করতে হবে। পরিবারের বিবেক জাগ্রত করতে হবে। কারণ গত তিন দশকে নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধের লক্ষ্যে অনেক আইন হয়েছে। কিন্তু আইনের শাসন ও বিবেক জাগ্রত না হওয়ার কারণে দেশে সহিসংতার মাত্রা ও রূপ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের জ্যেষ্ঠ আইনজীবী দীপ্তি রানী সিকদার। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সহসভাপতি নাহার আহমদ, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ এবং সীমা মোসলেম, সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম প্রমুখ।