নভেম্বরে এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আগামী ২৬ নভেম্বর কক্সবাজারে শুরু হবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সহযোগী হিসেবে আছে ঢাকাস্থ রুশ সাংস্কৃতিক কেন্দ্র। সহযোগিতায় রয়েছে প্রথম আলো, গাইড ট্যুরস ও চ্যানেল আই।রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো মহাকাশবিষয়ক আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক কমিটির চেয়ারম্যান মাশরুল আমিন জানান, অলিম্পিয়াডে ১৯টি দেশ আসার ব্যাপারে প্রাথমিক সম্মতি দিয়েছে। এর মধ্যে রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইন্দোনেশিয়া চূড়ান্ত সম্মতি দিয়েছে। অলিম্পিয়াডে ১৫০ থেকে ২০০ জন বিদেশি এবং বাংলাদেশের ১৬ জন ছাত্রছাত্রী অংশ নেবেন। এ ছাড়া মহাকাশ বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিখাইল গারবিলভ, ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অনিকেত সুলে ও দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের ইয়া ঝো কিম অলিম্পিয়াডে উপস্থিত থাকবেন। অলিম্পিয়াডের অনুষ্ঠানসূচিতে থাকবে কর্মশালা, বক্তৃতা, মহাকাশ গবেষণাবিষয়ক প্রকাশনা এবং শিশুদের জন্য মহাকাশবিষয়ক রেডিও ও টেলিভিশন অনুষ্ঠান।আয়োজকেরা জানান, অলিম্পিয়াডে খরচ হবে মোট ৫০ লাখ টাকা। এখন পর্যন্ত পাওয়া গেছে ২৫ লাখ টাকা। বাকি ২৫ লাখ টাকা সংগহের জন্য আয়োজকেরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন।রুশ সাংস্কৃতিক কেন্দ্র ও আয়োজক কমিটির পরিচালক আলেকজান্ডার পি ডেমিন বলেন, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আয়োজন বাংলাদেশের জন্য বিরাট অর্জন হবে। আয়োজক কমিটির উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে উঠবে।’